দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
বিকেল গড়ালেই মার্কেট ও আশপাশের ফুটপাতজুড়ে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
যদিও পুরোপুরি জমজমাট অবস্থা এখনো তৈরি হয়নি, তবে বিকেল গড়ালেই মার্কেট ও আশপাশের ফুটপাতজুড়ে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। ইফতারের পর সেই ভিড় আরও বাড়ছে, রাত পর্যন্ত খোলা থাকছে অধিকাংশ দোকান।
শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্রেতারা এখনো মূলত বাজার যাচাই-বাছাই করছেন। নতুন কী ডিজাইন এসেছে, কোন দোকানে কেমন দাম—এসব খোঁজখবর নিচ্ছেন অনেকেই। বিক্রেতাদের মতে, রোজার প্রথম সপ্তাহে এমন প্রবণতাই স্বাভাবিক। দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা তাদের।
নারীদের পোশাকের দোকানগুলোতে থ্রি-পিস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে। দেশীয় কটন ও লনের পোশাকের চাহিদা বেশি। ভারী কাজ ও জমকালো ডিজাইনের পোশাকের দাম তুলনামূলক বেশি হলেও মাঝারি দামের পোশাকই বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। শাড়ির দাম শুরু হচ্ছে দেড় হাজার টাকা থেকে, যা কাপড় ও কারুকাজভেদে ৮ থেকে ১০ হাজার টাকায়ও পৌঁছাচ্ছে।
পুরুষদের পাঞ্জাবির দাম ১ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। শিশুদের পোশাকেও রয়েছে নানা বৈচিত্র্য। বাচ্চাদের ফ্রক ও পাঞ্জাবি-পায়জামা সেট বিক্রি হচ্ছে ৮০০ থেকে আড়াই হাজার টাকায়। কিছু ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে। তবে নতুন কালেকশন ও আকর্ষণীয় ডিজাইনের কারণে অনেকে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন, যাতে শেষ সময়ের ভিড় এড়ানো যায়।
কাপড় কিনতে আসা জোনাকী আক্তার বলেন, ঈদের কাছাকাছি সময়ে ভিড় অনেক বেড়ে যায়। তাই এখনই প্রয়োজনীয় কেনাকাটা করে রাখছি। পরে দরকার হলে আবার আসবো।
চন্দ্রিমা সুপার মার্কেট-এর এক দোকানি লাভলু জানান, বিক্রি এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে সামনের দিনগুলোতে ক্রেতা বাড়বে বলে তারা আশাবাদী। ক্রেতা টানতে অনেক দোকানে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও অফার।
সব মিলিয়ে সন্ধ্যার পর বাড়তে থাকা জনসমাগম ও রঙিন পোশাকের সমারোহে ঈদের আমেজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে নিউমার্কেট এলাকায়। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠবে কেনাবেচা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team